Manzur's posts
7.12K subscribers
41 photos
3 videos
9 files
461 links
Here, posts and lectures of Ustaz Manzurul Karim will be shared in sha Allah.
Download Telegram
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জেগে উঠে ১০ বার আল্লাহু আকবার, ১০ বার সুবহানআল্লাহ, ১০ বার লা ইলাহা ইল্লাল্লাহ ও ১০ বার আস্তাগফিরুল্লাহ বলতেন।
এরপর দুআ করতেন,
«اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي»
(আল্লাহুম্মাগফিরলী, ওয়াহদিনী, ওয়ার যুক্বনি ওয়া আ-ফিনী)
.
"হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে রিযক দিন এবং আমাকে নিরাপদ-সুস্থ রাখুন"।
.
[ ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ৭৬৬, শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান সহীহ]
👍26
"তোমরা (মানুষের) প্রতি দয়া করো, তাহলে তোমাদের প্রতিও দয়া করা হবে। তোমরা (মানুষকে) ক্ষমা করো, তাহলে আল্লাহও তোমাদের ক্ষমা করবেন।
ধ্বংস তাদের জন্য, যারা কথা শোনার পরও তা গ্রহণ করে না। ধ্বংস তাদের জন্যও, যারা জেনেশুনে নিজেদের কৃতকর্মের (পাপের) ওপর অবিচল থাকে (এবং তা থেকে বিরত হয় না)"।
.
ارْحَمُوا تُرْحَمُوا، وَاغْفِرُوا يَغْفِرِ اللهُ لَكُمْ ، وَيْلٌ لِأَقْمَاعِ الْقَوْلِ، وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
.
~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
.
[ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ৬৫৪১, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে সনদ হাসান]
👍16
তাফসিরুল কুরআন: দার্স ৬০
https://youtu.be/5Ox2Sa_uCqY

এই পার্টটায় মুত্তাকীদের গুণ ও মাগফিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকায় পাবলিক করে দিলাম।
❤4
আল্লাহ তাআলা বলেন,
.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
.
“হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।” [সূরা তাহরীম: ৬]
.
আয়াতে قُوا أَنْفُسَكُمْ-এর অর্থ হলো, নিজেদের রক্ষা করো। [ইবনুল হাইম (রাহ.), গারীবুল কুরআন]
আর أَهْلِيكُمْ বলতে স্ত্রী, সন্তান এবং ‘পরিবার’ শব্দের অন্তর্ভুক্ত সকলকে বোঝানো হয়েছে। [আল বাক্বাঈ, নাযমুদ দারার]
.
পরিবারকে কীভাবে রক্ষা করতে হবে এ প্রসঙ্গে আলী ইবনু আবী তালিব [রা.] বলেছেন,
.
«عَلِّمُوهُمْ وَأَدِّبُوهُمْ»
.
“তাদের শিক্ষা দাও এবং আদব-আখলাক শেখাও।” [শুআবুল ঈমান: ৮২৮১]
.
ইমাম সুয়ূতী [রাহ.] তাঁর আল-ইকলীল গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, একজন ব্যক্তির ওপর নিজের জন্য আবশ্যকীয় বিধানসমূহ শেখা এবং সেগুলো তার স্ত্রী, সন্তান, দাস ও দাসীকে শেখানো আবশ্যক।
.
অতএব, পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব কেবল তাদের ভরণপোষণের ব্যবস্থা করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দ্বীনের আবশ্যকীয় জ্ঞান শিক্ষা দেওয়া এবং উত্তম আদব-আখলাক গড়ে তোলাও এ দায়িত্বের অন্তর্ভুক্ত।
❤16
দুনিয়ায় যেটার সাথেই মন লাগাবেন সেটা ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল হবে।
এর চেয়ে আল্লাহর সাথে নিজের মনকে জুড়ে দিন, তাঁকে ভালোবাসুন ও অনুভব করুন। একমাত্র তিনি চিরস্থায়ী।
❤63
"মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় উচ্চাকাঙ্ক্ষা ও সংকল্পের তারতম্যের কারণে, বাহ্যিক আকৃতি-অবয়বের কারণে নয়"।
.
~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
.
[ আল ফাওয়াইদ, পৃ: ৬৭]
👍13
ক্বলব বা হৃদয়ের প্রকৃতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِنَّمَا سُمِّيَ الْقَلْبُ مِنْ تَقَلُّبِهِ، إِنَّمَا مَثَلُ الْقَلْبِ كَمَثَلِ رِيشَةٍ مُعَلَّقَةٍ فِي أَصْلِ شَجَرَةٍ، تُقَلِّبُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ
.
"হৃদয়কে قَلْبٌ (ক্বলব) নামকরণ করা হয়েছে তার পরিবর্তনশীলতার কারণে। হৃদয়ের উপমা হলো, গাছের গোড়ায় ঝুলন্ত একটি পালকের মতো; বাতাস সেটিকে এপাশ ওপাশ করে উল্টেপাল্টে দেয়"।[১]
.
উল্লেখ্য যে ক্বলব শব্দের আভিধানিক অর্থই হচ্ছে ওলট-পালট, পরিবর্তন ইত্যাদি।
এজন্য অন্তর দেখবেন চেইঞ্জ হতেই থাকে।
একে হিদায়াতের পথে রাখার জন্য তাই আমাদের নিয়মিত আল্লাহর কাছে চাইতে হবে-
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
.
"হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমার হৃদয়কে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন"। [২]
.
কেননা,
إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ، يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ
"কেননা ক্বলব, আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে রয়েছে । তিনি যেভাবে চান সেভাবে (অন্তরকে) পরিবর্তন করে থাকেন। [৩]
.
সুতরাং কেবল তিনিই পারেন আমাদেরকে হিদায়াত দিতে, আর তিনিই পারেন আমাদেরকে হিদায়াতের ওপর অবিচল রাখতে।
.
[১) ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ১৯৬৬১, আল্লামা উবাইদুল্লাহ আল মুবারাকপুরীর (রাহ.) মতে এর সনদ হাসান, মিরআতুল মাফাতীহ: ১/১৯২;
২) তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত, হা: ১০২, ইমাম তিরমিযীর (রাহ.) মতে হাদিসটি হাসান;
৩) প্রাগুক্ত]
❤14
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি মু'জিযা সম্পর্কে আন নু'মান বিন মুকাররিন [রা.] বলেছেন,
আমরা মুযাইনা গোত্রের চারশত লোকসহ রাসূলুল্লাহ ﷺ-এর কাছে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে তাঁর একটি নির্দেশ দিলেন। তখন দলের কেউ কেউ বলল, ‘হে আল্লাহর রাসূল! আমাদের কাছে এমন কোনো খাবার নেই, যা আমরা সফরের পাথেয় হিসেবে সঙ্গে নিতে পারি।’
.
তখন নবী ﷺ উমর (রা.)-কে বললেন, زَوِّدْهُمْ
‘তাদেরকে সফরের পাথেয় দাও।’
তিনি বললেন, ‘আমার কাছে কিছু অতিরিক্ত কিছু খেজুর ছাড়া আর কিছুই নেই। আর আমার মনে হয় না, তা তাদের কোনো কাজে আসবে।’
.
তখন নবী ﷺ বললেন,
انْطَلِقْ فَزَوِّدْهُمْ
‘যাও, তাদেরকে সফরের পাথেয় দাও।’
.
এরপর তিনি আমাদের নিয়ে তাঁর বাড়ির ওপরের একটি কক্ষে গেলেন। সেখানে দেখা গেল ধূসর বর্ণের একটি উটের মত খেজুরের স্তূপ। তিনি বললেন, ‘তোমরা নাও।’
তখন লোকেরা নিজেদের প্রয়োজনমতো খেজুর নিয়ে নিল।
.
বর্ণনাকারী বলেন, আমিই ছিলাম দলের সর্বশেষ ব্যক্তি। তিনি বলেন, এরপর আমি ফিরে তাকালাম; কিন্তু একটি খেজুরও কমেছে বলে মনে হল না, অথচ সেখান থেকে চারশত লোক (তাদের প্রয়োজনীয় পরিমাণ) খেজুর নিয়ে গিয়েছিল।"
.
[ ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ২৩৭৪৬, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে সহীহ লি-গাইরিহ]
❤24
কায়স ইবন আসিম [রা.] যখন মৃত্যুশয্যায় উপনীত হলেন, তখন তিনি তাঁর সন্তানদের ডেকে বললেন:
.
“হে আমার সন্তানেরা! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। তোমাদের জন্য আমার চেয়ে অধিক কল্যাণকামী কেউ নেই।
.
আমি মারা গেলে তোমরা তোমাদের বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে নিযুক্ত করবে; তোমাদের অল্পবয়স্কদের নয়। অন্যথায় লোকেরা তোমাদের বয়োজ্যেষ্ঠদের নির্বোধ মনে করবে এবং তোমাদেরকে তুচ্ছজ্ঞান করবে।
.
তোমরা সম্পদ সুষ্ঠুভাবে সংরক্ষণ ও পরিচালনার ব্যাপারে যত্নবান হবে। কেননা, সম্পদ সম্মানিত ব্যক্তির জন্য সাহায্যস্বরূপ এবং নীচ প্রকৃতির মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্ত থাকার উপায়।
.
আর মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকবে। কেননা, তা মানুষের উপার্জনের সর্বশেষ অবলম্বন।”
.
[ ইমাম ইবনু আব্দিল বারর (রাহ.), আল ইস্তিআবঃ ৩/১২৯৬]
❤17
আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
.
"আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না, তোমরাই হবে সর্বোপরি (বিজয়ী); যদি তোমরা মু'মিন হও"। [১]
.
আল্লামা জামালুদ্দীন কাসিমী [রাহ.] এর ব্যাখ্যায় লিখেছেন,
"অর্থাৎ, ‘তোমরা যদি মু'মিন হয়ে থাকো, তবে হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না।’ কেননা, ঈমান অন্তরে দৃঢ়তা, আল্লাহ তাআলার কর্মপরিকল্পনার প্রতি আস্থা এবং তাঁর শত্রুদের পরোয়া না করার মনোভাব সৃষ্টি করে"। [২]
.
[১) সূরা আলে ইমরান: ১৩৯;
২) আল্লামা জামালুদ্দীন আল ক্বাসিমী (রাহ.), মাহাসিনুত তাউইল: ২/৪১৬]
🥰9
আল্লাহ তাআলা বলেন,
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ
.
"তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেননি?" [১]
.
আল্লামা শানক্বীতী [রাহ.] এর ব্যাখ্যায় বলেন,
"এই আয়াতে আল্লাহ তাদের ধারণার প্রতিবাদ করেছেন, যারা মনে করে যে, কঠিন পরীক্ষা ও শরঈ দায়িত্ব পালনের কষ্ট সহ্য না করেই জান্নাতে প্রবেশ করা যাবে। অথচ এসব পরীক্ষার মাধ্যমেই দ্বীনের প্রতি ধৈর্যশীল ও একনিষ্ঠ ব্যক্তিদের পরিচয় প্রকাশ পায়।" [২]
.
[১) সূরা আলে ইমরান: ১৪২;
২) আল্লামা মুহাম্মাদ আল আমীন আশ শানক্বীতী (রাহ.), আদ্বওয়াউল বায়ান: ১/৩৪১]
❤9
সাধারণত আমি বেশ কিছু বই একত্রে পড়ি। এখনো সেটাই করছি। যেমন এখন পড়ছি,
১) শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার [রাহ.] আল ফাতাওয়া আল হামাউইয়্যাহ আল কুবরা: অনুবাদ ও টীকা।
এর অনুবাদ করেছেন শাইখ মো. নাসির উদ্দীন খান আর অনুবাদ সম্পাদনা ও টীকাযুক্ত করেছেন ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া [হাফি.]
.
শাইখুল ইসলামের [রাহ.] এ কিতাবটার বেশ কিছু আরবি ব্যাখ্যা সহজলভ্য। তবে শাইখ যাকারিয়া এতে যে কাজ করেছেন তা বেশ সুন্দর। এতে তিনি অনেক দলীল যেমন সংযোজন করছেন তেমনি শাইখুল ইসলামের [রাহ.] অন্যান্য কিতাব থেকেও অনেক কোটেশন যুক্ত করেছেন। সব মিলিয়ে তাঁর টীকাগুলোই এই অনুবাদকে worthy of reading বানিয়েছে বলা চলে।
আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এটা কেমন, তো ভাবলাম পড়েই দেখি। না পড়ে তো বলা যায় না যে বইটা কেমন।
.
২) Jonathan A.C. Brown এর লেখা Hadith: Muhammad’s Legacy in the Mediaval and Modern World. উলূমুল হাদিসের অন্যান্য কিতাব পড়া হলেও এই বইয়ের টাইটেল বলে দিচ্ছে যে এর কিছু বিশেষত্ব আছে, যে জন্য এটা পড়া দরকার। বিশেষ করে শীআদের অবস্থান, আধুনিকতাবাদীদের অবস্থান ও ওরিয়েন্টালিস্টদের আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে হাদিস শাস্ত্রের সম্পর্ক নিয়েও একটা আলাপ পাওয়া যাচ্ছে।
.
৩) বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুল মালিকের [হাফি.] লেখা المدخل الي علوم الحديث الشريف. আমার কাছে এই বইটার ২০১৩ সালে প্রকাশিত ৩য় সংস্করণ আছে। শাইখের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উনি উনার বইগুলোকে রিচেক করতে থাকেন এবং প্রত্যেক সংস্করণে কিছু পরিবর্তন আনেন। তো এই বইয়ের পরে সম্ভবত আরও সংস্করণ এসেছে বাজারে।
যাই হোক, আমি বইটা অনেক আগে বেশ কিছুদূর পড়েছিলাম। তবে শেষ করা হয়নি। এবার আবার শুরু করলাম নিজের টপিকে একটা চমৎকার বই।
.
৪) একটা বিষয়ে লেখা প্রস্তত করতে চাইছিলাম। সেজন্য ভাবলাম Wael B. Hallaq এ বিষয়ে কী লিখেছেন দেখি। উনার The Impossible State ছাপিয়ে রেখেছিলাম আরও আগেই। সেটা পড়া শুরু করলাম। এর Introduction এই অসাধারণ কিছু কথা লিখে ফেলেছেন দেখলাম। মনে হচ্ছে সময় মতই পড়ছি।
এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে যখন যেটা দরকার সময়মত সেটা পেয়ে যাই।
.
আমি বরাবর পড়ায় একটা বৈচিত্র রাখতে চেষ্টা করি। আল্লাহ তাআলার মেহেরবানিতে এতে পড়ায় আগ্রহ, গতি, ভারসাম্য সবই আসে।
.
আমি আলাপটা আনলাম একটা কাজে। সেটা হচ্ছে যখন মাযহাবী গোঁড়ামি চূড়ান্ত হয়ে গিয়েছিল তখন আহলুল হাদিস উলামা একটা আন্দোলন শুরু করলেন যার মুখ্য বিষয় ছিল জ্ঞানচর্চায় ও জ্ঞানকাঠামোতে গোঁড়ামির অবসান ঘটানো। এককালে লোকেরা নিজেদের মাযহাবই কেবল নয়; বরং এরও ভেতরে কেবল নিজেদের মাসলাকের বই-ই পড়তো, ফলে ইসলামী জ্ঞান চর্চায় স্থবিরতা দেখা দেয়। আহলুল হাদিস উলামা এর বিরুদ্ধে ছিলেন। তাঁরা এই গোঁড়ামির অবসান চেয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন জ্ঞানচর্চা বিস্তৃত হোক, জ্ঞানকাঠামো সংকীর্ণ না হোক।
.
এজন্য আমরা দেখি পূর্বের উলামাদের লেখায় বিভিন্ন মাযহাব ও ঘরানার উদ্ধৃতি দিয়ে ভরপুর। তাঁরা সকলের ইলম থেকেই কমবেশি উপকৃত হতেন। একজন তালিবুল ইলমের তো এই যোগ্যতাটুকু থাকতে হবে। আমার নিজের কথা মনে আছে, যে অন্তত ২০১২-১৩ এর দিকেও আমরা সকল ধরণের আলিমের বই-ই পড়তাম। কেউ নিষেধ করেননি। আমরা জানতাম, বুঝতাম, না বুঝলে শাইখদের প্রশ্ন করতাম। তাঁরা ভুল ধরিয়ে দিতেন, খণ্ডন করতেন, আমাদের জ্ঞান বিকশিত হত।
.
রিসেন্টলি আমরা সালাফিয়্যার নামে একটা জ্ঞানকাঠামো ও চর্চার সংকীর্ণ পরিসর দেখছি যেখানে কিছু মানুষ ঠিক করে দিচ্ছে যে আপনি কী পড়বেন, কার কথা শুনবেন, কার সাথে চলবেন আর তাদের দেয়া ক্রাইটেরিয়া থেকে সামান্য বের হয়ে গেলে আপনি মানহাজ হতে বহিষ্কৃত হলেন!
এটার প্রায়োগিক চেহারা দেখে মনে হচ্ছে এটা নিজেই এক মাযহাবে পরিণত হয়েছে, যেটা মাযহাবীদের গোঁড়ামিকে হার মানানোর পথে আছে।
.
আমি আশা করি আমাদের এই অঞ্চলের আহলুল হাদিস উলামা নিজেদের ইলমী প্রশস্ততার তুরাসকে আঁকড়ে থাকবেন এবং এই সংকীর্ণতাকে ধীরে ধীরে সরিয়ে দেবেন। অন্য অঞ্চলের উলামার ইলম দ্বারা উপকৃত হতে তো দোষ নেই, কিন্তু এমন তাকলীদ নিঃসন্দেহে নিন্দনীয় ও দোষণীয় যেটার বিরুদ্ধে দাঁড়িয়েই এই অঞ্চলে আহলুল হাদিস আন্দোলন শুরু হয়েছিল।
وَمَا عَلَیۡنَاۤ إِلَّا ٱلۡبَلَـٰغُ
❤19
"আল্লাহর দিকে ফিরে এসো এবং তোমার চোখ, কান, অন্তর ও জবানের মাধ্যমে তাঁকে অনুসন্ধান করো। এই চারটি অঙ্গের কোনোটি দিয়েই তাঁর থেকে বিচ্যুত হয়ো না। কেননা, আল্লাহর তাওফীকে যে ব্যক্তি তাঁর দিকে ফিরে এসেছে, সে এই চারটি অঙ্গের মাধ্যমেই ফিরে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে তাওফীকহীনতার কারণে যে ব্যক্তি তাঁর থেকে বিচ্যুত হয়েছে, সে এই চারটি অঙ্গের মাধ্যমেই বিচ্যুত হয়েছে।
.
অতএব, তাওফীকপ্রাপ্ত ব্যক্তি তার প্রতিপালকের সাহায্যে শোনে, দেখে, কথা বলে ও শক্তি প্রয়োগ করে। আর তাওফীকহীন ব্যক্তির এসব কাজ তার নিজের প্রবৃত্তি ও খেয়ালখুশির দ্বারা সম্পন্ন হয়"।
.
~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
.
[ আল ফাওয়াইদ, পৃ: ৫০]
🔥16
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ
"যে ব্যক্তিকে অজ্ঞতা প্রসূত ফতোয়া দেয়া হয় তার পাপ ফাতাওয়াদানকারীর উপর বর্তাবে"।[১]
.
ব্যাখ্যা: অর্থাৎ, কোনো অজ্ঞ ব্যক্তি কোনো মাসআলা সম্পর্কে একজন আলেমকে জিজ্ঞাসা করল। অতঃপর আলেম তাকে ভুল উত্তর দিয়ে ফতোয়া দিলেন। প্রশ্নকারী সেই ফতোয়া অনুযায়ী আমল করল, অথচ সে ফতোয়াটির ভুল হওয়ার বিষয়টি জানত না। সুতরাং, আলেম যদি ইজতিহাদের ক্ষেত্রে অবহেলা করে থাকেন, তবে এর পাপের দায় তাঁর ওপর বর্তাবে। [২]
.
শিক্ষা: জ্ঞান ছাড়াই ফতোয়া প্রদান করা হারাম। কেননা, এর মধ্যে আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের প্রতি মিথ্যারোপ করা এবং মানুষকে পথভ্রষ্ট করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আর এটি কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত। [৩]
.

[১) ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ৩৬৫৭, শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান;
২) ইমাম মুল্লা আলী আল ক্বারী (রাহ.), মিরক্বাতুল মাফাতীহ: ১/৩১৮;
৩) আল মাউসুআতুল ফিক্বহিয়্যাহ আল কুওয়াইতিয়্যাহ: ৩২/২৪]
❤9
আমার রাউটার নষ্ট হয়ে গেছে। নতুন রাউটার রিপ্লেস করার আগ পর্যন্ত অনলাইন ভিত্তিক যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে।
😢20