The Quranic Message
76 subscribers
351 photos
2 videos
14 files
8 links
"‘The Quranic Message’ চ্যানেল কুরআনের বার্তা এবং ইসলামী শিক্ষার সহজ বোধগম্য বিশ্লেষণ প্রদান করে।
যোগাযোগ : @Tanjin75
@shahadat11222
Download Telegram
The Quranic Message
Photo
নফস্ - এর প্রকারভেদ ও করণীয়
==========================
'নফস্' (Nafs) হলো মানুষের 'অস্তিত্ব', 'প্রাণ' বা 'আত্মা'। ইসলামি পরিভাষায় নফস্ বলতে মানুষের সেই শক্তিকে বোঝানো হয়, যা তাকে কোনো কাজ করতে উৎসাহিত করে এবং যার মধ্যে বিভিন্ন ইচ্ছা ও প্রবৃত্তি লুকিয়ে থাকে।
​নফস্ সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে নিচের বিষয়গুলো খেয়াল করুন :

​ইচ্ছা ও আকাঙ্ক্ষার কেন্দ্র:
আমাদের মনে যেসব ভালো বা মন্দ কাজের ইচ্ছা জাগে, তার মূল উৎস হলো নফস্। এটি মূলত মানুষের শারীরিক চাহিদা (যেমন- ক্ষুধা, তৃষ্ণা) এবং আবেগীয় চাহিদার (যেমন- রাগ, লোভ, ভালোবাসা) সমষ্টি।

​পরীক্ষার মাধ্যম:
আল্লাহ মানুষকে নফস্ দিয়েছেন এবং তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দিয়েছেন। এই নফসকে বশ করে ভালো পথে চলাই হলো মানুষের জন্য বড় পরীক্ষা।

​নিয়ন্ত্রণযোগ্য শক্তি:
নফস্ নিজেই খারাপ নয়, কিন্তু একে সঠিক দিশা না দিলে এটি মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। আবার সঠিক সাধনা ও ইবাদতের মাধ্যমে একেই পবিত্র ও শান্ত করা যায় (যেটিকে 'নফসে মুতমাইন্নাহ' বলা হয়)।

​সংক্ষেপে:
নফস্ হলো আমাদের ভেতরের সেই 'আমি', যা প্রতিনিয়ত আমাদের ভালো বা মন্দের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

ইসলামে 'নফস' বা আত্মার তিনটি স্তর রয়েছে। এই প্রধান তিনটি স্তর সম্পর্কে জেনে নেওয়া যাক :

​১. নফসে আম্মারা (The Commanding Self) :
​এটি নফসের সর্বনিম্ন স্তর। পবিত্র কুরআনে সূরা ইউসুফে (আয়াত ৫৩) এর উল্লেখ আছে।

​বৈশিষ্ট্য:
এই নফস মানুষকে সর্বদা খারাপ কাজের দিকে প্ররোচিত করে। এটি জাগতিক লোভ-লালসা, অহংকার, হিংসা এবং ইন্দ্রিয়সুখের বশবর্তী হয়ে চলে।

​অবস্থা:
এই স্তরে থাকা ব্যক্তি ন্যায়-অন্যায়ের বিচার না করে কেবল নিজের ইচ্ছা পূরণ করতে চায়। এটি অনেকটা অবাধ্য পশুর মতো, যাকে নিয়ন্ত্রণ না করলে সে ধ্বংসের দিকে নিয়ে যায়।

​প্রতিকার:
কঠোর আত্মসংযম, নিয়মিত ইবাদত এবং আল্লাহর জিকিরের মাধ্যমে এই নফসকে নিয়ন্ত্রণ করতে হয়।

​২. নফসে লাউওয়ামা (The Self-Reproaching Self) :
​এটি দ্বিতীয় স্তর, যা সূরা কিয়ামাহ-তে (আয়াত ২) বর্ণিত হয়েছে। একে 'বিবেকের দংশন' বলা যেতে পারে।

​বৈশিষ্ট্য:
এই নফস মানুষকে পাপ করার পর তিরস্কার করে। যখনই কোনো ভুল হয়, এই নফস ব্যক্তিকে অপরাধবোধ ও অনুশোচনায় ফেলে দেয়। এটি ভালো এবং মন্দের মাঝে একটি দোদুল্যমান অবস্থা।

​অবস্থা:
এই স্তরের ব্যক্তি পুরোপুরি পাপমুক্ত নয়, কিন্তু সে পাপ করে আনন্দ পায় না বরং লজ্জিত হয় এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার চেষ্টা করে। এটি আধ্যাত্মিক উন্নতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

​প্রতিকার:
তওবা (অনুশোচনা) এবং নিজের কাজের নিয়মিত হিসাব (মুহাসাবাহ) নেওয়ার মাধ্যমে এই স্তর থেকে পরবর্তী স্তরে যাওয়া সম্ভব।

​৩. নফসে মুতমাইন্নাহ (The Soul at Peace) :
​এটি নফসের সর্বোচ্চ এবং কাঙ্ক্ষিত স্তর। সূরা আল-ফজরে (আয়াত ২৭-৩০) এর উল্লেখ আছে।

​বৈশিষ্ট্য:
এটি সেই আত্মা যা আল্লাহর ওপর পূর্ণ সন্তুষ্ট এবং যার ওপর আল্লাহও সন্তুষ্ট। এটি যাবতীয় দ্বিধা, অশান্তি এবং ভয় থেকে মুক্ত হয়ে পরম শান্তি বা প্রশান্তি লাভ করেছে।

​অবস্থা:
এই স্তরের ব্যক্তি বিপদে ধৈর্য হারান না এবং সুখে অহংকারী হন না। তাঁর প্রতিটি কাজ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত তাঁর কাছে আর বোঝা মনে হয় না, বরং আনন্দের উৎস হয়ে দাঁড়ায়।

​ফলাফল:
কুরআন অনুযায়ী, মৃত্যুর সময় এই আত্মাকে বলা হবে, "হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।"
- সূরা আল ফযর।

​আমাদের লক্ষ্য হওয়া উচিত নফসে আম্মারা-কে দমন করা, নফসে লাউওয়ামা-এর মাধ্যমে নিজেকে সংশোধন করা এবং পরিশেষে নফসে মুতমাইন্নাহ বা প্রশান্ত আত্মার স্তরে পৌঁছানো।
মহান আল্লাহ আমাদের নফস্ কে দমন করে তাঁর প্রতিটি বিধিনিষেধ মেনে চলার তাওফিক দান করুন।
আমিন।
❤1
The Quranic Message
Photo
এই হামদ - এর সওয়াব শুধু আল্লাহরই জিম্মায়!
====================================
কখনো কি শুনেছেন এমন কোনো হামদের কথা, যা বান্দা পড়লে ফেরেশতারাও তার সওয়াব কীভাবে লিখবে বুঝে উঠতে পারেন না?!
হ্যাঁ, এমন একটি হামদ রয়েছে।
যখন কোনো বান্দা বলে—

يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ:
ইয়া রাব্বি! লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া লিআযিমী সুলত্বনিকা।

অর্থ:
হে আমার রব! তোমার জন্যই সমস্ত প্রশংসা—যেমনটি তোমার মহান সত্তা ও তোমার মহাশক্তিশালী রাজত্বের উপযুক্ত।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
এক বান্দা যখন এই হামদ পড়ল, তখন দুইজন ফেরেশতা থমকে গেলেন—তারা বুঝতে পারলেন না এর সাওয়াব কীভাবে লিখবেন। তারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন:
“হে আমাদের রব! আপনার এক বান্দা এমন একটি প্রশংসা করেছে যার সাওয়াব আমরা কীভাবে লিখব বুঝতে পারছি না।”
তখন আল্লাহ তাআলা বললেন:
“আমার বান্দা কী বলেছে?”
ফেরেশতারা বাক্যটি বললে আল্লাহ তাআলা বললেন:
“তোমরা এটিকে যেমন বলা হয়েছে তেমনই লিখে রাখো, যতক্ষণ না আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করে। তখন আমি নিজেই তাকে এর প্রতিদান দেব।”
সুবহানাল্লাহ!

📖 রেফারেন্স:
সুনান ইবনে মাজাহ — হাদীস: 3801
আল-মু‘জামুল আওসাত (তাবারানী)
শু‘আবুল ঈমান (বায়হাকী)
হাদীসটি শাইখ আলবানী (রহ.) হাসান বলেছেন।

লেখা: — আম্মারুল হক (হাফি.)।
নেককার সন্তান লাভের দোআ
=======================
​رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
​উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহীন।

​অর্থ: "হে আমার প্রতিপালক! আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন।"
The Quranic Message
Photo
২১টি সূরা পাঠে পেয়ে যান ২২০০০+ নেকি ইনশা আল্লাহ
=========================
আমরা সবাই ব্যস্ত…
সময় নেই, ছুটছি কোন না কোন কাজে দিনরাত! কষ্ট আছে, আছে ক্লান্তি, দুনিয়ার হাজারো কাজে দিন কেটে যায় হরহামেশাই।
কিন্তু একবার ভেবে দেখুন—
যে সময় আমরা মোবাইল স্ক্রল করি বা অযথা নষ্ট করি, সেই সময়ের অল্প অংশ যদি কুরআনের জন্য দিতাম? কেমন হতো তাহলে?
মোবাইল চাপার রেকর্ড যদিও আমরা এখন খুব সহজেই Digital Well being এর মাধ্যমে পেয়ে যায়। কেমন হয় যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট হাতে থাকা মোবাইল এর কুরআন অ্যাপে কিংবা বাসায় থাকলে কুরআন খুলে পড়া যায়?

সুবহানাল্লাহ… 🤍

📌 হাদিসে এসেছে—
কুরআনের প্রতিটি অক্ষর পাঠে ১টি করে নেকি পাওয়া যায়। আর এই প্রতিটি নেকির পরিমাণ ১০ গুন করে। অর্থাৎ একটি অক্ষর যেমন - 'আলিফ' পাঠ করলেন তো ১০টি নেকি পাবেন।

চলুন আমরা যে ছোট সূরাগুলো পড়ি, সেগুলোর অক্ষর ও নেকির হিসাব মিলিয়ে দেখি।

🔹 আল-বাইয়্যিনাহ — ৯৪ অক্ষর = ৯৪০ নেকি
🔹 আয-যিলযাল — ১৫৮ অক্ষর = ১৫৮০ নেকি
🔹 আল-আদিয়াত — ১৬৯ অক্ষর = ১৬৯০ নেকি
🔹 আল-ক্বারিয়াহ — ১৬০ অক্ষর = ১৬০০ নেকি
🔹 আত-তাকাছুর — ১০২ অক্ষর = ১০২০ নেকি
🔹 আল-আসর — ৬৮ অক্ষর = ৬৮০ নেকি
🔹 আল-হুমাযাহ — ১৩৪ অক্ষর = ১৩৪০ নেকি
🔹 আল-ফীল — ৯৬ অক্ষর = ৯৬০ নেকি
🔹 কুরাইশ — ৭৩ অক্ষর = ৭৩০ নেকি
🔹 আল-মাউন — ১১৪ অক্ষর = ১১৪০ নেকি
🔹 আল-কাওসার — ৪২ অক্ষর = ৪২০ নেকি
🔹 আল-কাফিরুন — ১০৯ অক্ষর = ১০৯০ নেকি
🔹 আন-নাসর — ৮০ অক্ষর = ৮০০ নেকি
🔹 আল-লাহাব — ৭৭ অক্ষর = ৭৭০ নেকি
🔹 আল-ইখলাস — ৪৭ অক্ষর = ৪৭০ নেকি
🔹 আল-ফালাক — ৭১ অক্ষর = ৭১০ নেকি
🔹 আন-নাস — ৭৯ অক্ষর = ৭৯০ নেকি
🔹 আদ-দুহা — ১৬৫ অক্ষর = ১৬৫০ নেকি
🔹 আল-ইনশিরাহ — ১০৩ অক্ষর = ১০৩০ নেকি
🔹 আত-তীন — ১৫৬ অক্ষর = ১৫৬০ নেকি
🔹 আল-কদর — ১১২ অক্ষর = ১১২০ নেকি
✨ মোট প্রায় ২২,০৯০টি নেকি! ✨

😔 ভাবুন তো…
কিয়ামতের দিনে যখন আমরা একটি নেকির জন্য অপেক্ষা করব,
তখন এই ছোট ছোট সূরাগুলোই হতে পারে আমাদের সবচেয়ে বড় সম্পদ।

আসুন, আজ থেকেই নিয়ত করি—
প্রতিদিন অন্তত এই সূরাগুলো পড়ব।
সময় লাগবে খুবই অল্প… কিন্তু প্রতিদান হবে অসীম! ইনশা আল্লাহ।

সারাদিন হাতে থাকা মোবাইল টাকে যেভাবে আপন করে হাত থেকে চার্জ করার আগ পর্যন্ত নামাই না তো সেই মোবাইলেই কিছু সময় কি কুরআন অ্যাপ গুলো পেতে পারে না?

আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার তাওফিক দিন। আমীন।


#Quran #Islam #নেকি #সওয়াব #আখিরাত #DailyAmal #IslamicReminder
The Quranic Message
Photo
বিষয় : সাওম পালন করা
=================================
সাওম বা রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এটি কেবল ক্ষুধা–তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে একটি গভীর ইবাদত। কুরআনুল কারিমে সাওমের উদ্দেশ্য ও উপকারিতা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যা মুমিন মাত্রই জানা উচিত। সাওম পালন করার মাধ্যমে যে বহুবিধ উপকারও হয় তা আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে বারংবার।

১. তাকওয়া (আল্লাহভীতি) অর্জনের মাধ্যমঃ
সাওমের প্রধান লক্ষ্য হলো মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি তথা আল্লাহর প্রতি ভয় ও আশার জাগরণ আনয়ন করা। কুরআনে মহান আল্লাহ বলছেন,

"হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।"
— (সূরা আল-বাকারাহ ২:১৮৩)।

বিশ্লেষণ:
তাকওয়া মানে আল্লাহর প্রতি সচেতনতা ও ভয়।
সাওম মানুষকে গোপনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়।
কেউ না দেখলেও আল্লাহ দেখছেন—এই অনুভূতি দৃঢ় হয়।

ফলাফল:
চরিত্র গঠন ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়।

২. আত্মশুদ্ধি ও নফসের নিয়ন্ত্রণঃ
সাওম মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।
কুরআনে মহান আল্লাহ বলছেন -

"আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে—নিশ্চয়ই জান্নাতই হবে তার আশ্রয়।"
— (সূরা আন-নাযিআত ৭৯:৪০–৪১)।

বিশ্লেষণ:
সাওম কামনা–বাসনা দমন করার বাস্তব প্রশিক্ষণ। এর ফলে ধৈর্য (সবর) ও সংযম বৃদ্ধি পায়। খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়।

ফলাফল:
নৈতিক উন্নতি ও আত্মসংযম বৃদ্ধি পায়।

৩. কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করাঃ
রমাদান মাস হলো কুরআন নাযিলের মাস। মহিমান্বিত এই মাসেই মহান আল্লাহর পক্ষ থেকে মানবমুক্তির সর্বশেষ উপহার প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সমগ্র মানবজাতির জন্য নাযিল করা হয়। কুরআনে মহান আল্লাহ বলছেন,

"রমাদান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে—(এবং এটা) মানুষের জন্য হেদায়াত…"
— (সূরা আল-বাকারাহ ২:১৮৫)।

বিশ্লেষণ:
সাওম ও কুরআন পরস্পর সম্পর্কযুক্ত এবং এই দুটে পারস্পরিক সুদুরপ্রসারি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে।
এই মাসে তিলাওয়াত, তাদাব্বুর ও আমল বাড়ে। হৃদয় নরম হয়, হেদায়াত গ্রহণ সহজ হয়।

ফলাফল:
আধ্যাত্মিক জাগরণ দৃঢ়তা পায়।

৪. কৃতজ্ঞতার শিক্ষাঃ
সাওম মানুষকে নিয়ামতের মূল্য বুঝতে শেখায়। গরীবদের অবস্থা বুঝতে সাহায্য করে। সমাজে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে
উপরের একই আয়াতের শেষাংশে মহান আল্লাহ বলেন:
"...যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এজন্য যে তিনি তোমাদের হেদায়াত দিয়েছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।"
— (সূরা আল-বাকারাহ ২:১৮৫)।

বিশ্লেষণ:
ক্ষুধা অনুভব করলে খাদ্যের মূল্য বোঝা যায়। ধনীদের মধ্যে দরিদ্রের কষ্টের অনুভূতি জাগে।আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি শুকরিয়া আদায় করা সহজ হয়।

ফলাফল:
মানবিকতার শিক্ষা লাভ হয় ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায়।

৫. সামাজিক সহমর্মিতা ও দানশীলতা বৃদ্ধিঃ
সাওমের সময় শয়তানকে শৃঙ্খলিত করা হয় বলে সৎকাজে মনোযোগ বাড়ে। দানশীলতা বৃদ্ধি পায়।
"তোমরা সৎকর্মে ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো…"
— (সূরা আল-মায়িদাহ ৫:২)

বিশ্লেষণ:
রমাদানে যাকাত, সদকা ও ইফতার এ সবগুলোই পারস্পরিক বন্ধন সৃষ্টি করে। সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা তৈরি হয়। ধনী–গরিবের ব্যবধান কিছুটা কমে।

ফলাফল:
সামাজিক বন্ধন মজবুত হয়।

৬. আল্লাহর নৈকট্য লাভঃ
সাওমের প্রসঙ্গের মাঝেই আল্লাহ তাঁর নৈকট্যের ঘোষণা দেন:
"আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে—আমি তো নিকটেই আছি; আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই…"
— (সূরা আল-বাকারাহ ২:১৮৬)।
এক হাদিসে আছে মহান আল্লাহ সাওমপালনকারীদের পুরস্কার নিজেই দিবেন। তাহলে কল্পনা করুন সেই পুরস্কার কীরুপ হতে পারে?!

বিশ্লেষণ:
সাওম পালনকারীর জন্য দোয়া কবুলের বিশেষ সময় হল রামাদান। আর দোয়ায় বান্দা ও রবের সম্পর্ক গভীর হয়, ইখলাস বৃদ্ধি পায়।

ফলাফল:
আধ্যাত্মিক প্রশান্তি অর্জিত হয়।

কুরআনের আলোকে সাওমের মূল উপকারিতা হলো:
=> তাকওয়া অর্জন করা সহজ হয়,
=> আত্মসংযম ও চরিত্র উত্তমরুপে গঠিত হয়,
=> তিলওয়াতের দ্বারা কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় হয়,
=> আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায়,
=> সামাজিক সহমর্মিতা সৃষ্টি করে,
=> মহান আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়।

যে ব্যক্তি রোজার বাহ্যিক দিকের পাশাপাশি এর অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করে, তার জীবন ব্যক্তিগত, নৈতিক ও আধ্যাত্মিক—সব দিক থেকেই আলোকিত হয়ে ওঠে। সাওম শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি একটি পূর্ণাঙ্গ আত্মগঠন প্রক্রিয়া।
মহান আল্লাহ আমাদেরকে সুস্থতার সহিত রমাদানের সাওম গুলো পালন করার তাওফিক দান করুন।
আমিন।
❤1
The Quranic Message
Photo
জীবনটা যদি মনে হয় 'অনেক কষ্টের', তাহলে স্মরণ করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্টগুলো!

১. জন্মের আগে তিনি হারান তাঁর বাবা আব্দুল্লাহকে। একজন ইয়াতিম ছেলে হিশেবে বেড়ে ওঠা কতোটা কঠিন ছিলো সেটা কিছুটা আঁচ করা যায় ধাত্রীর ঘটনা থেকে।

কাফেলা নিয়ে হালিমারা আসলে সবাই একেকজন সন্তান নিয়ে চলে যায়। কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ নিতে চাইলো না তিনি 'ইয়াতিম' বলে। ইয়াতিম ছেলেকে নিলে পেমেন্ট ঠিকমতো পাবে কি না এই নিয়ে সংশয় ছিলো। হালিমা তো একপ্রকার উপায় না পেয়েই রাসূলুল্লাহ ﷺ কে নেন। নেবার পরই না বুঝতে পারেন কাকে পেয়েছেন!

২. মা থাকা সত্ত্বেও মা ছাড়া প্রায় ৫ বছর কাটানোর পর যখন মক্কায় ফিরেন, এর ১ বছরের মধ্যে রাসূলুল্লাহ ﷺ মাকে হারান।

মাত্র ৬ বছর বয়স, আমাদের সময়ের প্রেক্ষিতে একজন ছেলে স্কুলে ভর্তি হবার বয়স। এই যুগে যদি দেখেন ক্লাস ওয়ানের একজন ছেলে স্কুলে আসছে, তার মা-বাবা নেই, তাহলে তার প্রতি আপনার অনুভূতি কেমন হবে?

৩. মা-বাবা হারানোর পর দাদার কাছেই ছিলেন রাসূলুল্লাহ ﷺ। কিন্তু, মাত্র ২ বছর পর দাদাকেও হারান।

৪. খুব অল্প বয়সেই রাসূলুল্লাহ ﷺ উপার্জন শুরু করেন। ১২ বছর বয়সে চাচার সাথে সিরিয়া যান ব্যবসায়িক সফরে।

৫. তাঁর ২ ছেলে কাসিম এবং আব্দুল্লাহ ইন্তেকাল করেন।

পিতার কাঁধে সন্তানের লাশ কতোটা কষ্টের ছিলো!

৬. মেয়েদেরকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু, ইসলাম প্রচারের কারণে তাঁর দুই মেয়ের বিয়ে ভেঙ্গে যায়।

৭. তাঁর সাহাবীদের নির্যাতন করা হয়, এমনকি তারা মক্কায় থাকতে পারেনি; হিজরত করতে হয় আবিসিনিয়ায়। সেই দলে তাঁর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন (স্বামীর সাথে)।

৮. মক্কার লোকজন তাঁর ওপর অত্যাচার করতো। তাঁকে সেইভ করতেন আবু তালিব। আর ঘরের ভেতর সান্ত্বনা দিতেন, সাপোর্ট করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাত্র ২ মাসের ব্যবধানে এই দুজনও ইন্তেকাল করেন।

৯. তিন মেয়েকে নিয়ে মদীনায় হিজরত করলেও মক্কায় রেখে যান এক মেয়েকে। তার বিয়ে হয়েছিলো আবুল আস ইবনে রাবির সাথে। তিনি তখন অমুসলিম। সেই মেয়ের জামাই বদর যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে (যদিও স্বেচ্ছায় ছিলো না)। বাবা হিশেবে তাঁর তখন কেমন লাগছিলো? তাঁর মেয়ের তখন কেমন লাগছিলো?

১০. বদর যুদ্ধে যাবার আগে মেয়েকে অসুস্থ রেখে গিয়েছিলেন। যুদ্ধ বিজয় শেষে এসে দেখেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন।

১০. কয়েকবছরের ব্যবধানে তিনি হারান তাঁর অন্য দুই মেয়ে যাইনাব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্নাদেরকেও।

১১. ছয় সন্তানের পর প্রায় ২৩ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার বাবা হন। কিন্তু, তাঁর ছেলে ইব্রাহিম মাত্র দেড় বছর বয়সে ইন্তেকাল করেন। সেদিনের রাসূলের কান্না দেখে সাহাবীরা অবাক হন। পাবলিক প্লেইসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তান হারিয়ে কান্না করেন।

৭ জন সন্তানের মধ্যে ৬ জন সন্তানই তাঁর জীবদ্দশায় ইন্তেকাল করেন।

.

শুধু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবদ্দশায় কতোজন প্রিয় মানুষ হারিয়েছেন। হারিয়েছেন তাঁর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।

©আরিফুল ইসলাম
The Quranic Message
Photo
সূরা কাহফ
৪টা ঘটনা, ৪টা দোআ যা আমরা খেয়াল করি না
====================
প্রতি জুমায় সূরা কাহফ পড়েন?
বেশিরভাগ মানুষ পড়েন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন না যে এই সূরার ৪টা ঘটনার প্রতিটায় একটা করে দোআ লুকিয়ে আছে।

৪টা ঘটনা। ৪টা ভিন্ন সংকট। ৪টা ভিন্ন দোআ। আর প্রতিটা দোআ আমাদের জীবনের একটা করে সমস্যার সমাধান।

আমরা সূরা কাহফ পড়ি কিন্তু এই দোআ গুলো ধরতে পারি না। ঘটনা পড়ি কিন্তু দোআ গুলো আলাদা করে আমল করি না।

আজকের পোস্টে এই ৪টা দোআ আলাদা করে দেখবো আর জানবো কোন সংকটে কোন দোআ পড়তে হয়।

সূরা কাহফ, মক্কায় অবতীর্ণ সূরা। আয়াত সংখ্যা ১১০। প্রিয় নবীজি ﷺ বলেছেন —

"যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, তার জন্য দুই জুমার মাঝখানে নূর জ্বলবে। আর এর শুরুর ১০ আয়াত দাজ্জালের ফিতনা থেকে হিফাজতের কারণ হবে।
(সহীহ মুসলিম: ৮০৯)।

কিন্তু শুধু পড়লেই হবে না, ভেতরের দোআ গুলো বুঝে আমল করতে হবে।


✅ দোআ ১:
আসহাবে কাহফের দোয়া — যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না।

একদল যুবক। চারপাশে শিরক, অন্যায়, চাপ। দুটো পথ - হয় সমাজের সাথে মিশে ঈমান হারাও, নাহয় কষ্ট মেনে নিয়ে ঈমান আঁকড়ে ধরো।

তারা দ্বিতীয় পথ বেছে নিলেন। শহর ছাড়লেন। গুহায় আশ্রয় নিলেন।

কিন্তু গুহায় ঢোকার আগে তারা একটা দোআ করেছিলেন —

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

উচ্চারণ:
রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিলানা মিন আমরিনা রাশাদা।

"হে আমাদের রব, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন।"
(সূরা কাহফ: ১০)

এই দোআ তে দুটো চাওয়া — রহমত আর রাশাদ (সঠিক পথনির্দেশনা)।

"রাশাদ" শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত, সঠিক দিকনির্দেশনা।

আল্লাহ কী করলেন? তাদের ঘুম পাড়িয়ে রাখলেন বহু বছর। জাগার পর দুনিয়া বদলে গেছে। তারা নিরাপদ। ঈমানসহ নিরাপদ।

কখন পড়বেন?

জীবনের যেকোনো কঠিন সিদ্ধান্তের আগে। চাকরি বদলাবেন কিনা? বিয়ে করবেন কিনা? দেশ ছাড়বেন কিনা? ব্যবসা শুরু করবেন কিনা? দ্বীন মানতে গিয়ে কোনো কিছু ছাড়তে হচ্ছে কিনা?

যখনই মনে হয় "কোনটা সঠিক পথ?" — এই দোআ পড়ুন। ইস্তিখারার সাথে পড়ুন। আল্লাহ "রাশাদ" দেবেন অর্থাৎ সঠিক পথ দেখাবেন।


✅ দোআ ২:
বাগানওয়ালার সঙ্গীর দোয়া — যখন কোনো নেয়ামত পান।

দুইজন মানুষ। একজন ধনী - বিশাল বাগান, ফসল, সম্পদ। আরেকজন গরিব কিন্তু ঈমানদার।

ধনী লোক অহংকার করলো —
"এসব কখনো শেষ হবে না। আমিই বড়।"

গরিব সঙ্গী তাকে সতর্ক করলেন, এটা আল্লাহর দান। অহংকার করো না। বরং বলো —

مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ:
মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

"আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।"
(সূরা কাহফ: ৩৯)।

ধনী লোক শোনেনি। তারপর? একদিন সব শেষ। বাগান ধ্বংস। সব শুকিয়ে গেল। হাত কচলাতে কচলাতে বললো —

"আহা, যদি আমি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম!"
কিন্তু তখন আর কী লাভ?

কখন পড়বেন?

যখন কোনো নেয়ামত পান — চাকরি পেয়েছেন, গাড়ি কিনেছেন, বাড়ি বানিয়েছেন, সন্তান হয়েছে, পরীক্ষায় পাস করেছেন, ব্যবসায় লাভ হয়েছে; সাথে সাথে বলুন
"মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"

এটা শুধু বদনজর থেকে বাঁচার দোআ না, এটা অহংকার থেকে বাঁচার দোআ। নেয়ামত ধরে রাখার দোআ। কারণ যে নেয়ামতে শুকরিয়া নেই সেই নেয়ামত একদিন চলে যায়।


✅ দোআ ৩:
মুসা (আ.)-এর কথা - যখন কঠিন কিছু শিখতে বা করতে চান।

মুসা (আ.) খিজির (আ.)-এর সাথে সফরে যেতে চাইলেন। খিজির (আ.) বললেন — "তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না।"

মুসা (আ.) বললেন —

سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا

উচ্চারণ:
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরান।

"আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করবো না।"
(সূরা কাহফ: ৬৯)।

খেয়াল করুন — মুসা (আ.) বলেননি "আমি ধৈর্য ধরবো।" বলেছেন "ইনশাআল্লাহ ধৈর্য ধরবো।" নিজের ওপর ভরসা করেননি আল্লাহর ওপর ভরসা করেছেন।

কিন্তু সফরে কী হলো? মুসা (আ.) ধৈর্য ধরতে পারলেন না। তিনবার প্রশ্ন করলেন। কারণ বাহ্যিকভাবে ঘটনাগুলো অন্যায় মনে হচ্ছিল।

শেষে খিজির (আ.) ব্যাখ্যা দিলেন — আর তখন বোঝা গেল, যা বাইরে থেকে খারাপ দেখাচ্ছিল, তার পেছনে ছিল রহমত ও হিকমত।

কখন পড়বেন?

যখন কঠিন কিছু শুরু করতে চান — নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন পড়াশোনা, হিজরত। যখন জানেন সামনে কষ্ট আছে কিন্তু যেতে হবে। তখন বলুন — "ইনশাআল্লাহ ধৈর্য ধরবো।"

আর যখন জীবনে এমন কিছু ঘটে যা বুঝতে পারছেন না — চাকরি চলে গেল, সম্পর্ক ভেঙে গেল, সুযোগ হাতছাড়া হলো — তখন খিজির (আ.)-এর ব্যাখ্যা মনে করুন। আল্লাহর পরিকল্পনা আপনার দেখা দৃশ্যের চেয়ে বড়।


✅ দোআ ৪:
জুলকারনাইনের কথা — যখন কোনো বড় কাজ করেন
The Quranic Message
Photo
জুলকারনাইন। আল্লাহ তাঁকে দিয়েছিলেন ক্ষমতা, ভূখণ্ড, সামর্থ্য, জ্ঞান। তিনি ইয়াজুজ-মাজুজের ফিতনা থেকে মানুষকে বাঁচাতে বিশাল প্রাচীর নির্মাণ করলেন।

এত বড় কাজ। এত বড় অর্জন। এত বড় সাফল্য।

কিন্তু শেষে তিনি কী বললেন?

قَالَ هَـٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي

উচ্চারণ: কালা হাযা রাহমাতুম মির রাব্বি।

তিনি বললেন —
"এটা আমার রবের রহমত।"
(সূরা কাহফ: ৯৮)।

নিজের কৃতিত্ব দাবি করেননি। বলেননি "আমি করেছি।" বললেন —
"আমার রবের রহমত।"

কখন পড়বেন?

যখন কোনো বড় কাজ সম্পন্ন করেন পরীক্ষায় পাস, প্রজেক্ট শেষ, ব্যবসায় সাফল্য, বাড়ি তৈরি, সন্তানকে মানুষ করা ; যেকোনো অর্জনের পর বলুন

"হাযা রাহমাতুম মির রাব্বি"
এটা আমার রবের রহমত।

এটা বললে কী হয়? অহংকার আসে না। কৃতজ্ঞতা আসে। আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। আর নেয়ামত টিকে থাকে। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন।


✅ ৪টা দোআ — এক নজরে

▪️আসহাবে কাহফ — সিদ্ধান্ত নিতে পারছেন না?
"রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিলানা মিন আমরিনা রাশাদা"

▪️বাগানওয়ালার সঙ্গী — কোনো নেয়ামত পেয়েছেন?
"মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ"

▪️মুসা (আ.) — কঠিন কিছু শুরু করতে চান?
"সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান"

▪️জুলকারনাইন — বড় কিছু অর্জন করেছেন?
"হাযা রাহমাতুম মির রাব্বি"

৪টা ঘটনা। ৪টা দোআ। ৪টা জীবনের মোড়। আর প্রতিটায় একটাই শিক্ষা সব কিছুতে আল্লাহর দিকে ফেরা।

পরেরবার জুমায় সূরা কাহফ পড়ার সময় এই ৪টা দোআ তে থামুন। শুধু পড়বেন না অনুভবও করবেন।

সিদ্ধান্তের আগে "রাব্বানা আতিনা" পড়বেন।
নেয়ামত পেলে "মাশাআল্লাহ" বলবেন। কঠিন পথে "ইনশাআল্লাহ সাবিরান" বলবেন।
সাফল্যে "হাযা রাহমাতুম মির রাব্বি" বলবেন।

তাহলে সূরা কাহফ শুধু জুমার তিলাওয়াত থাকবে না জীবনের গাইড হয়ে যাবে।

মনে রাখবেন!

সূরা কাহফ প্রতি জুমায় পড়েন কিন্তু কি কখনো ভেবেছেন এই ৪টা দোআ আলাদা করে আমল করবেন?

সিদ্ধান্তের আগে — "রাব্বানা আতিনা।"
নেয়ামত পেলে — "মাশাআল্লাহ।"
কঠিন পথে — "ইনশাআল্লাহ সাবিরান।"
সাফল্যে — "হাযা রাহমাতুম মির রাব্বি।"

৪টা দোআ। ৪টা মুহূর্ত। জীবনের প্রতিটা পরিস্থিতিতে একটা করে দোআ।

আজ থেকে শুধু জুমায় না — প্রতিদিন এই ৪টা দোআ জীবনে ব্যবহার করুন। দেখবেন সূরা কাহফ আর শুধু সওয়াবের সূরা থাকবে না, জীবন বদলে দেওয়ার সূরা হয়ে যাবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহফ বুঝে পড়ার, এর দোয়াগুলো জীবনে আমল করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার, নেয়ামতে কৃতজ্ঞ থাকার, কষ্টে ধৈর্য ধরার, আর সাফল্যে বিনয়ী থাকার তাওফিক দিন।
আমিন।


রেফারেন্স:
— সূরা কাহফ: ১০, ৩৯, ৬৯, ৯৮।
— সহীহ মুসলিম: ৮০৯।
— তাফসীরে ইবনে কাসীর।
250
The Quranic Message
Photo
যিলহজ্জ মাস চলছে...
তাকবীর পড়ছেন তো..?

তাকবীরের পদ্ধতি :

> اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ،
لَا إِلٰهَ إِلَّا اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ،
وَلِلّٰهِ الْحَمْدُ

অর্থঃ
“আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ,
এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।”



পুরুষরা মসজিদ, বাজার ও ঘরবাড়িতে উচ্চস্বরে তাকবীর বলবে।
পক্ষান্তরে নারীদের জন্য আস্তে বা নিম্নস্বরে বলা উত্তম। সবাই মিলে একসাথে একই সুরে তাকবীর বলা সুন্নত নয়; বরং প্রত্যেকে আলাদাভাবে তাকবীর বলবে।

📚 সূত্র: মাজমূ‘ ফাতাওয়া ইবনে উসাইমীন — সালাতুল ঈদাইন।
The Quranic Message
Photo
এক ব্যক্তি এক বুযুর্গের কাছে এসে আক্ষেপ করে বলল, “হুজুর! যখন আমি আমার স্ত্রীকে বিয়ের জন্য পছন্দ করেছিলাম, তখন আমার মনে হতো, পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর কেউ নেই।”

সে আরো বলতে লাগল,

“কিন্তু বাগদানের পর দেখলাম, আরও অনেক মেয়েই তার মতো সুন্দর। বিয়ের পর মনে হলো—হাজারো নারী আমার স্ত্রীর চেয়েও বেশি সুন্দর!

আর এখন কয়েক বছর পর তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বাইরের প্রায় সব নারীই আমার কাছে স্ত্রীর চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়!”

সব শুনে বুযুর্গ বললেন,“আমি কি তোমাকে এর চেয়েও কঠিন একটি সত্য কথা বলব?”

লোকটি আগ্রহ নিয়ে বলল, “জি, বলুন!”

বুযুর্গ বললেন,

“কোনো মানুষ যদি দুনিয়ার সব নারীকেও বিয়ে করে ফেলে, তবুও তার নফস একসময় এমন পর্যায়ে পৌঁছাবে যে, তার মনে হবে, অন্যের ঘরের জিনিসই বেশি ভালো!”

লোকটি বিস্মিত হয়ে বলল, “এমন কেন হয়?”

তখন বুযুর্গ গভীর এক কথা বললেন,

“সমস্যা তোমার স্ত্রীর সৌন্দর্যে নয়। সমস্যা মানুষের চোখে। যখন চোখ লালসায় অভ্যস্ত হয়ে যায়, অন্তর আল্লাহভীতি থেকে খালি হয়ে যায়, তখন কোনো কিছুতেই তৃপ্তি আসে না। নফস সবসময় নতুন কিছু খোঁজে।”

এরপর বুযুর্গ জিজ্ঞেস করলেন,
“তুমি কি চাও, তোমার স্ত্রী আবারও তোমার চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী হয়ে উঠুক?”

লোকটি দ্রুত বলল,“অবশ্যই চাই!”

বুযুর্গ বললেন, “তাহলে সবার আগে নিজের চোখের হেফাজত করো। নজরকে নিয়ন্ত্রণে রাখো।”

আমরা অনেক সময় ভাবি, সমস্যা অন্যের মধ্যে। অথচ আসল সমস্যা থাকে নিজের দৃষ্টিভঙ্গিতে। চোখ যখন হারাম ও তুলনার অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, তখন নিজের নিয়ামতকেও ছোট মনে হয়।

যে ব্যক্তি নিজের নজর সংযত রাখে, কৃতজ্ঞতা শেখে এবং সম্পর্ককে সম্মান করে —তার কাছেই আপন মানুষ সবচেয়ে সুন্দর হয়ে ওঠে।

-- Salman Farsi.
-- উর্দূ থেকে অনূদিত।
The Quranic Message
Photo
দুরুদ শরীফের অপার ফজিলত
=======================
দুরুদ শরীফ শুধু কয়েকটি শব্দের যিকির নয়; এটি আল্লাহর রহমত লাভের অন্যতম শ্রেষ্ঠ আমল, নবী ﷺ–এর প্রতি ভালোবাসার প্রকাশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের একটি মহান মাধ্যম।

এই চারটি বিষয় হৃদয়ে ধারণ করে দুরুদ পড়ুন—ইনশা আল্লাহ,
দুরুদের প্রতি আপনার ভালোবাসা ও আগ্রহ দিন দিন বেড়ে যাবে।

১) আপনি যখন দুরুদ পড়েন,
রাসূল ﷺ-এর কাছে আপনার দুরুদ পৌঁছে যায়

আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন,
আপনার পড়া দুরুদ আল্লাহর ব্যবস্থাপনায় রাসূল ﷺ-এর কাছে পৌঁছে দেওয়া হয়।

রাসূল ﷺ বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন,
তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে যায়।"
(সুনান আবু দাউদ : ২০৪২;
মুসনাদ আহমদ: ১০৫৯৪)

আরেকটি সহিহ বর্ণনায় এসেছে,
বিশেষ ফেরেশতারা উম্মতের সালাম ও দুরুদ রাসূল ﷺ-এর কাছে পৌঁছে দেন এবং দুরুদ পাঠকারীর পরিচয়ও উল্লেখ করেন।

ভাবুন তো, কোটি কোটি উম্মতের মাঝে
আপনার নামও সেই সৌভাগ্যবানদের তালিকায় উচ্চারিত হচ্ছে—এটি কত বড় সম্মান!

২) একবার দুরুদ পড়লে
আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন

রাসূল ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন,
তার দশটি গুনাহ মাফ করে দেন এবং
তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"»
(সুনান আন-নাসায়ি: ১২৯৭;
সহিহ ইবনে হিব্বান: ৯০৮)

আর আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন—

"নিশ্চয়ই আল্লাহ তাঁর নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দোয়া করেন । হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দুরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
— সূরা আল-আহযাব, আয়াত ৫৬।

যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারাও করেন, সেই আমলে শরিক হওয়া কত বড় সৌভাগ্য!

৩) দুরুদ দুশ্চিন্তা দূর করে, গুনাহ ক্ষমার কারণ হয়

উবাই ইবন কা'ব (রা.) নবী ﷺ-কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি তাঁর দোয়ার কতটুকু অংশ দুরুদের জন্য নির্ধারণ করবেন। শেষে যখন বললেন, "পুরোটাই?", তখন রাসূল ﷺ বললেন:
"তাহলে তোমার সব দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭ — সহিহ)।

তাই জীবনের কষ্ট, অস্থিরতা ও সংকটের সময় দুরুদকে নিজের নিত্যসঙ্গী বানান।
এটি অন্তরে প্রশান্তি আনে এবং
আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম।

৪) যিনি আমাদের জন্য কেঁদেছেন,
তাঁর প্রতি দুরুদ পাঠাতে কৃপণতা কেন?

রাসূল ﷺ আমাদের মুক্তির জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন। তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে আহত হয়েছেন, তবুও উম্মতের জন্যই দোয়া করেছেন।

কিয়ামতের ভয়াবহ দিনে,
যখন প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, তখন তিনি বলবেন—
'ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি'
(আমার উম্মত! আমার উম্মত!)
(সহিহ মুসলিম: ২০২)।

এই ভালোবাসার প্রতিদান আমরা কখনোই দিতে পারব না। তবে অন্তত বেশি বেশি দুরুদ পাঠ করে তাঁর প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ করতে পারি।

অতিরিক্ত আমল :

দুরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার পড়ুন এবং দোয়া ইউনুস পাঠ করুন—

لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

এটি বিপদে পড়া নবী ইউনুস (আ.)-এর দোয়া। আল্লাহ তাআলা কুরআনে জানিয়েছেন যে, তিনি তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলেন এবং এভাবে তিনি মুমিনদেরও মুক্তি দেন।

আসুন, প্রতিদিন অন্তত কিছু সময় দুরুদ,
ইস্তিগফার ও আল্লাহর যিকিরে ব্যয় করি।
হয়তো এই সামান্য আমলই হবে
আমাদের গুনাহ ক্ষমার কারণ,
হৃদয়ের প্রশান্তির কারণ এবং
জান্নাতের পথে সবচেয়ে সুন্দর পাথেয়।

আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পাঠ করার, ইস্তিগফারে অভ্যস্ত হওয়ার এবং রাসূল ﷺ–এর সুন্নাহ আঁকড়ে ধরার তাওফিক দান করুন। আমীন।
❤1